আরটিভি দশম স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক (চীন মৈত্রী) সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে তাকে সম্মাননা প্রদান করা হবে।
এ ছাড়া ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়ালের ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন এবং দেশপ্রেম ক্যাটাগরিতে থাকবে ৬টি পুরস্কার। ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মের ক্যাটাগরিতে থাকবে ৬টি ও ধারাবাহিক নাটকের জন্য ৬টি পুরস্কার।
নাচ-গানের জমকালো আয়োজনে ভরপুর থাকবে পুরো অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন তৌসিফ মাহবুব ও মারিয়া নূর।
অনুষ্ঠানের মাঝে মাঝে নৃত্য পরিবেশনায় থাকবেন সাদিয়া ইসলাম মৌ, তমা মির্জা, আঁচল, দীঘি, নুসরাত ফারিয়া, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা প্রমুখ।
রিয়্যালিটি শো ‘বাংলার গায়েন’-এর টপ ১৮ পরিবেশন করবে কোরাস। সবকিছু মিলিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হবে আরটিভি ‘দশম স্টার অ্যাওয়ার্ড ২০২০’।
