নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৮:২৫ পিএম

নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী সাইফুল ইসলাম সাইফ কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক।

সোমবার সকাল ৮টার থেকে বিকেল ৪টার পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন মদন পৌরসভার নাগরিকেরা। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৭০.২৭ শতাংশ ভোট পড়েছে এ পৌরসভার ৯টি কেন্দ্রে।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ রাত সাড়ে ৭টার দিকে দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম সাইফ তিন হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন জগ প্রতীকে পেয়েছেন এক হাজার ৮৬৯ ভোট। পুরুষ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের পূর্ণাঙ্গ ফলাফল এখনো হাতে এসে পৌঁছায়নি এবং নয় হাজার ২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, মদন পৌরসভায় ভোটার ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩২৩ জন ও নারী ভোটার ৬ হাজার ৫১৮ জন। তার মধ্যে নয় হাজার ২৩টি ভোট পড়েছে। শতকরা হারে এই হার ৭০.২৭ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত