ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে ‘আত্মাহুতি’ দিয়েছেন এক আইনজীবী। মৃত্যুর আগে অমরজিৎ সিং নামের এই আইনজীবী চিরকুটে লিখে গেছেন, কৃষকদের দাবি মানতে সরকারকে বাধ্য করতেই জীবন উৎসর্গ করছেন তিনি।
গত রবিবার দিল্লির তিকরি সীমান্তে কৃষক বিক্ষোভের অদূরে বিষ পান করে আত্মহত্যা করেন তিনি। এর আগে গত ১৬ ডিসেম্বর কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন এক শিখ ধর্মযাজক।
কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভারতের লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হলেও তাতে সংকট নিরসন হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে সরকারের আইন সংস্কারের প্রস্তাব কৃষকরা প্রত্যাখ্যান করেছেন। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছেন তারা।
কৃষকদের সমর্থনে রবিবার আত্মাহুতি দেওয়া আইনজীবী অমরজিৎ সিংয়ের বাড়ি পাঞ্জাবের ফাজলিকা জেলার জালালাবাদে। দিল্লির তিকরি সীমান্তের অদূরে বিষ পানের পর তাকে দ্রুত রোহতাকের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার কাছ থেকে সুইসাইড নোট পাওয়ার কথা স্বীকার করেছে পুলিশ।
