আসামি ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১২:২৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় আসামিপক্ষের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত রবিবার মধ্যরাতে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন এএসআই ইকবাল হোসেন ও কনস্টেবল (৮৮৫) সোহানুর রহমান। গতকাল সোমবার জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রবিবার মধ্যরাতে আশুগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরচারতলা মহুরম পাড়া সাকিনে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ ৬৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৯ হাজার টাকা উদ্ধার করে। এসব বহন ও পাচারের অভিযোগে চরচারতলা গ্রামের মো. জামাল মিয়া ওরফে বুজা জামালকে (৪২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি ও মাদকদ্রব্যের ভিডিও করার সময় আসামির ১০-১৫ আত্মীয়স্বজন এএসআই (নিরস্ত্র) ইকবাল হোসেনকে কিল-ঘুষি মারে এবং কনস্টেবল সোহানুর রহমানকে কাঠের রোল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে আশুগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে গ্রেপ্তার আসামি ও জব্দ আলামতসহ থানায় নেওয়া হয়।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত