ক্ষমতা হস্তান্তরে প্রতিবন্ধকতার অভিযোগ বাইডেনের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১১:১৬ পিএম

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, প্রতিরক্ষা বিভাগ ও অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) বিভাগে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ারা সুষ্ঠ হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা করছেন না।

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টাদের কাছ থেকে ব্রিফিং নেওয়ার পর গত সোমবার বাইডেন এ অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি।

বাইডেন বলেন, ‘আমার ট্রানজিশন টিমের বিদায়ী প্রশাসনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক অবস্থান এবং শত্রুদের নিবৃত্ত করার যে পরিকল্পনা তার একটি পরিষ্কার চিত্র জানা দরকার। আমাদের প্রতিরক্ষা এবং অন্যান্য সংস্থার চলমান বাজেটের স্পষ্ট চিত্র জানতে হবে যাতে করে যেকোনো জটিল পরিস্থিতি এড়িয়ে যেতে আমরা সক্ষম হই। শত্রুরা যেন পরিস্থিতির সুযোগ না নিতে পারে।’

তবে অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার জানান, তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাইডেন। তবে এখনো তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত