নিষিদ্ধ হুজি’র রাজশাহী-খুলনা আঞ্চলিক কমান্ডারসহ গ্রেপ্তার ২

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০২:৩৭ পিএম

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশের (হুজি-বি) রাজশাহী ও খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি বিশেষ দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুইজন হলেন- হরকাতুল জিহাদ বাংলাদেশের রাজশাহী-খুলনার আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) এবং নব্য সদস্য ও সমন্বয়কারী আবদুল আজিজ ওরফে নোমান (২৩)।

ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আর নোমানের বাড়ি নোয়াখালির কোম্পানীগঞ্জ থানার বসুরহাট গ্রামে। তার বাবার নাম আবদুল হালিম।

এ নিয়ে বুধবার দুপুরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি জানান, গ্রেপ্তার এই দুইজন কাশিমপুর কারাগারে থাকা হুজি নেতা আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় সংগঠনকে পুনর্গঠনের কাজ করে যাচ্ছিলেন। আতিকুল্লাহ হুজি নেতা মুফতি হান্নানের অন্যতম সহযোগী। ইব্রাহিম খলিল ও নোমানের কাছে বিপুল পরিমাণ জিহাদি বই পাওয়া গেছে। এখান থেকে অনুমান করা যায়, সংগঠনকে শক্তিশালী করতে তারা কাজ করছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এই দুই হুজি নেতাকে ধরতে পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবি’র সহায়তায় রাজশাহী মহানগর পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে মতিহার থানাধীন খড়খড়ি বাইপাস রোডে বিশেষ চেকপোস্ট বসায়।

এ সময় অটোরিকশা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশ (হুজি-বি) এর আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল ও সক্রিয় কর্মী আব্দুল আজিজ ওরফে নোমানকে বিপুল পরিমাণ জিহাদি বই সহ আটক করা হয়। এ সময় আরও দু’জন পালিয়ে যায়। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত