ধামরাই পৌর নির্বাচন

পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-লুটপাট

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০২:২৮ এএম

সাভারের ধামরাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে বিজয়ীর লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১০টা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ইসলামপুর ও চ-াইল এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, এ সময় গাড়ি ভাঙচুর, শিশু ও নারীসহ সমর্থকদের মারধর এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। হামলায় মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৯ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আরফান উদ্দিন বলেন, ‘নির্বাচন করায় ক্ষিপ্ত হয়ে আবু সাঈদের নির্দেশে তার লোকজন আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করেছে। এ ঘটনায় ধামরাই থানায় কয়েকটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।’

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে বিজয়ী কাউন্সিলর আবু সাঈদ বলেন, ‘ভোটে হেরে গিয়ে আরফান আলীর লোকজনই তার লোকের ওপর হামলা করেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার কয়েকজন সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত