গত বছরের ফর্মে ফিরতে চান লাবুশেন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০১:১৬ এএম

মারনাস লাবুশেনের ২০২০ সালটি শুরু হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে ডাবল সেঞ্চুরি দিয়ে। সেই সিডনিতেই ভারতের বিপক্ষে নতুন বছর শুরু করছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই লাবুশেনের পুরনো স্মৃতিও চাঙ্গা হয়েছে। ভারতের বিপক্ষে ১-১ সমতায় থাকা এ সিরিজের তৃতীয় টেস্টে লাবুশেনের কাছ থেকে ডাবল নয়, সেঞ্চুরি পেলেই খুশি অস্ট্রেলিয়া। এমনিতে অস্ট্রেলিয়া দলে এই মুহূর্তে এই টপঅর্ডার ব্যাটসম্যান চিন্তার কারণ নন। অজি ব্যাটসম্যানদের মধ্যে দুই টেস্টে সবচেয়ে বেশি বল খেলেছেন এবং রানও করেছেন লাবুশেন। তবে এই ব্যাটসম্যানের জন্য চিন্তার কারণ ভিন্ন। শেষ হওয়া তিন ইনিংসের তিনটিতেই উইকেটে সেট হয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারই হাফসেঞ্চুরি পার করতে ব্যর্থ। অথচ গত বছরের শুরুতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে চার টেস্টের আট ইনিংসে মাত্র একবার হাফসেঞ্চুরি করতে পারেননি। আট ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে রূপান্তর করেছিলেন। যার মধ্যে সবচেয়ে কম রান ছিল ১৪৩। ভারতের বিপক্ষে নতুন বছরে সেই ফর্ম ফেরাতে চান লাবুশেন।

লাবুশেনকে একবারও থিতু না হতে দেওয়ার কৃতিত্ব কিন্তু ভারতীয় বোলারদের। দারুণ বোলিং পরিকল্পনা সাজিয়ে প্রতিবারই বছরজুড়ে ইনফর্ম থাকা এই ব্যাটসম্যানকে ফেরানো গেছে। এর মধ্যে অ্যাডিলেডে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ ও মেলবোর্নে মোহাম্মদ সিরাজের বলে লেগ সিøপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন লাবুশেন। এ দুই আউটে ভারত যে লাবুশেনের দুর্বলতা নিয়ে কাজ করেছে তার স্পষ্ট ছাপ মিলেছে।

তাই লাবুশেনের খেলা ছয় টেস্ট সিরিজের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট ভারতের বিপক্ষেই ৪১.৬১। তাই ২০১৯ অ্যাশেজে অভিষেক হওয়ার পর অসাধারণ খেলে চলা এই ব্যাটসম্যান প্রথমবার কোনো সমস্যায় পড়লেন। স্বীকারোক্তি দিয়ে অজি ব্যাটসম্যান বলেন, ‘ওরা (ভারত) অবশ্যই দারুণ পরিকল্পনা নিয়ে এসেছে। স্ট্রেইট ফিল্ড সাজিয়ে স্টাম্পে বল করা নিশ্চিত করেছে। স্ট্রেইট বলের সঙ্গে লেগ সাইডে শক্ত ফিল্ডিং সব সময়ই রানের গতিকে কমিয়ে দেয়। এসব সময়ে খুবই সতর্ক ও ধীরে খেলতে হয়। আমি একটা গ্লান্স করেছি এবং তাতেই লেগ সিøপে আউট হই। আর একটি মনোসংযোগে ব্যাঘাত হওয়ায় লেগ বিফোর হই। এখন আমাকে এর বিপরীতটা দ্রুত খুঁজতে হবে।’

শুধু লাবুশেনই নন, অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই এই সিরিজে এখন পর্যন্ত স্বচ্ছন্দে খেলতে পারেননি। দুই দলের গত সিরিজে অনুপস্থিত থাকা স্টিভেন স্মিথের ওপর আশা ছিল খুব। কিন্তু স্মিথ চার ইনিংসে দুই অঙ্কের ঘরে রানই তুলতে পারেননি এখনো। ১৯৮৬-৮৭ সালের পর তাই ঘরের মাঠে কোনো সিরিজের দুই টেস্ট পর্যন্ত সবচেয়ে কম রান এবার অস্ট্রেলিয়ার। বিষয়টা ভালো লাগছে না লাবুশেনেরও। জানান, ‘এটা ভালো দেখায় না। আমাদের এর বিপরীতে লড়তে হবে, এই সমস্যা থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। পরেরবার আমাদের অবশ্যই বড় স্কোরের দেখা পেতে হবে।’ ফিরে আসার পথ খুঁজতে থাকা অস্ট্রেলিয়া এখনো মানতে নারাজ যে তাদের আত্মবিশ্বাস তলানিতে। স্মিথ লাবুশেনরা দ্রুত ফিরবেন বলে বিশ্বাস রাখছেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ‘আমি এখনো স্মিথ ক্রিজে ভালো করছে না খারাপ তার বিচার করছি না। এখনো দুই টেস্ট আছে। কোনো ব্যাটসম্যানের সেরা ছন্দ পেতে একটি ইনিংস দরকার। লাবুশেন সেই ইনিংসগুলো পেয়েছিল কিন্তু তার দুর্ভাগ্য। ওদের দুজনের বিপক্ষেই ভালোভাবে হোমওয়ার্ক করে এসেছে ভারত। এখন আমাদের উচিত ওদের শেকল ভাঙার পথ দ্রুত বের করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত