নির্বাচন কমিশনের দুর্বলতা থাকতে পারে, তবে অকার্যকর নয়: হানিফ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০৬:৫৪ পিএম

‘জিয়াউর রহমানের ১২০ পার্সেন্ট হা না ভোটের কথা জাতি যখন ভোলেনি, তখন নির্বাচনের প্রতারণা নিয়ে কীভাবে কথা বলে বিএনপি’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে যাদের আমলনামায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে, তারা কী করে অন্যের সমালোচনা করে তা বোধগম্য নয়। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের নতুন বর্ধিত ২০ শয্যার দুটি ওয়ার্ড, আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, জনবিচ্ছিন্ন বিএনপির লক্ষ্য একটাই। তারা যে কোন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানান কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান।

নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে বিএনপি নেতা রিজভীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনের কিছু দুর্বলতা থাকতে পারে, তার মানে এই নয় যে, নির্বাচন কমিশন অকার্যকর। নির্বাচন কমিশনকে কোলের মধ্যে বসিয়ে রেখেছে সরকার এসব অরাজনৈতিক ও শিষ্টাচার বহিভুত ভাষা। বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে নানা ভাবে অসত্য ও বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা মনে করি রাজনীতির মধ্যে একটা পরিশীলতাবোধ প্রত্যেকেরই থাকা উচিত। রাজনীতি জনগণের জন্য, একে অপরের বিরুদ্ধে অহেতুক খারাপ ভাষায় কথা বলা কাম্য নয়। নির্বাচন কমিশন বিএনপির সময়েও ছিলো, আজিজ কমিশনের কথা কি তারা ভুলে গেছেন ? বাস্তবে নির্বাচনী মাঠের চিত্র কি বলে ? এই কুষ্টিয়াতে এখন যে বাস্তবতা এখানে কি কোনভাবে বিএনপির জয়লাভের কোন সম্ভাবনা আছে ? 

আবদুল কাদের মির্জার মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, স্থানীয় সাংসদের সঙ্গে ব্যক্তি বিরোধের জেরে উনি যে কথা বলেছেন, তা সামগ্রিক মাঠের চিত্র বলা যায় না। আর এটাকে নিয়ে কেউ যদি আত্মসন্তোষ্টি পায় তবে তারা আত্মসন্তোষ্টির মধ্যেই থাকুক। দলীয় নেতা–কর্মীদের উদ্দেশ্যে হানিফ বলেন, দায়িত্বশীল কথাবার্তা কাম্য। এমন কোন কথা বলা যাবে না যাতে দল বিব্রত হয়।

কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুসতানজিদ, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টরলিন,  ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত