বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেছেন, ‘তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনকারী ভিডিপি সদস্যদের কল্যাণের বিষয় বিবেচনা করে প্রতিটি রেঞ্জে একজন করে দুস্থ ও অসহায় ভিডিপি সদস্যাকে বাহিনীর তরফ থেকে গৃহ নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে একই বিবেচনায় প্রতি জেলায় একজন করে ভিডিপি সদস্যকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।’
মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমিতে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও আর্থসামাজিক উন্নয়ন এবং করোনা মহামারিতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বপালন করছেন।
এর আগে তিনি বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং উদ্বোধনী বক্তব্য রাখেন। মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালিও বের করা হয়।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, সকল উপ-মহাপরিচালক, রেঞ্জ পরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সমাবেশে আগত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদাতবরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যদের। এ ছাড়া তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের এবং আনসার বাহিনীর বিভিন্ন পদবির মোট ৬৭০ জন বীর শহীদ আনসার সদস্যদের।
মহাপরিচালক ৪১তম জাতীয় সমাবেশের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় সমাবেশে আগত সকল কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
