করোনাভাইরাসের উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও চীনে যে প্রতিনিধি দল পাঠিয়েছে, তাদের ঢুকতে দিচ্ছে না দেশটি। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজে এই অভিযোগ করেছেন।
জেনেভায় স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, ‘উহানের উদ্দেশে আমাদের দুই জন বিজ্ঞানী নিজ দেশ ত্যাগ করেছেন। কিন্তু তাদের প্রবেশের জন্য চীন প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না।’
হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এই সংবাদে আমি ভীষণ হতাশ। আমি চীনের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। আরেকবার পরিষ্কার করে বলছি, এই মিশন ডব্লিউএইচও এবং আন্তর্জাতিক টিমের অগ্রাধিকার।’
গত ডিসেম্বরের মাঝামাঝি ডব্লিউএইচও জানায়, করোনার উৎস তদন্তের লক্ষ্যে ২০২১ সালে চীনের উহান শহরে যাবে ১০ জন আন্তর্জাতিক বিজ্ঞানীর একটি দল। তখন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল বেইজিং।
বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে ডব্লিউএইচও। তারা এ নিয়ে গত বছরের জুলাই থেকে চীনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে। কিন্তু এ ধরনের তদন্তের ব্যাপারে এখন অনাগ্রহ দেখিয়ে আসছে চীন।
বিজ্ঞানীরা বলছেন, তদন্তের উদ্দেশ্য অপরাধী খুঁজে বের করা নয়। ভাইরাসটির ঠিক কোথায়, কীভাবে উৎপত্তি হলো, কীভাবে তা মানুষের মধ্যে ছড়াল-এসব জেনে ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি কমানোর উপায় বের করা।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে তার সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই শুরু থেকে বলে আসছেন, চীন ইচ্ছা করে ভাইরাসটি ছড়িয়েছে।
