টিকা নিয়ে মানুষের উৎকণ্ঠা কমছে না : জি এম কাদের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০৩:০৪ এএম

করোনার টিকা আবিষ্কার হলেও তা নিয়ে দেশের মানুষের উৎকণ্ঠা কমছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘দেশের মানুষ জানে না, কবে এবং কীভাবে তারা টিকা পাবেন। ভারতের সঙ্গে তিন থেকে পাঁচ কোটি টিকার জন্য সরকার চুক্তি করেছে। তাতে দেড় থেকে আড়াই কোটি মানুষ হয়তো টিকা পাবে। কিন্তু বাকি ১৫ থেকে ১৬ কোটি মানুষ কীভাবে টিকা পাবে, তা কেউই জানে না।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, এখন নতুন ধরনের করোনা আবিষ্কার হয়েছে। এর বিস্তার বেড়ে গেলে দেশের মানুষের অবস্থা ভয়াবহ হবে। জেলা ও বিভাগীয় শহরে করোনার কোনো চিকিৎসা নেই। রাজধানীর সরকারি দু-একটি হাসপাতালে করোনার চিকিৎসা আছে। আর বেসরকারি পর্যায়ে বেশ কিছু হাসপাতালে করোনার চিকিৎসা রয়েছে। কিন্তু তা এতই ব্যয়বহুল যে সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা নেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে টিকা সরবরাহ, পরিবহন ও বিতরণে কী ব্যবস্থা সরকার নিয়েছে, তা কেউ জানে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত