ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে।
শনিবার দুপুর একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা অতীব প্রয়োজন। যার জন্য আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি, সেই রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠে আজও পর্যন্ত তার কোনো ভাস্কর্য নির্মাণ করা হয়নি। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করতে যাচ্ছি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ বিকেল ৩টা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হবে। আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’ নামে ভাস্কর্যটির উদ্বোধন করা হবে।
ভাস্কর্যটি নির্মাণ করেছেন ভাস্কর রাশা ও উত্তম ঘোষ। এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে গানমেটাল দিয়ে। এর ভিত্তি হবে ৫ ফুট আর ভাস্কর্যের উচ্চতা হবে ২.৫ ফুট।
মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ভাস্কর্য নির্মাণের জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি চেয়েছেন। তবে এই বিষয়ে কিছুই জানে না কর্তৃপক্ষ।
উপাচার্য আকতারুজ্জামান বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। এই রকম কোনো অনুমোদন নাই।
