শঙ্কামুক্ত সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১১:০৩ পিএম

গত ৮ জানুয়ারি, শুক্রবার দিবাগত রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন স্বনামধন্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। একদিন পর ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত।

শুক্রবার রাতেই চিকিৎসকেরা জানান, তার হার্টে দুটি ব্লক রয়েছে। যার একটি শতভাগ, অন্যটি ৭০ ভাগ। এর মধ্যে শতভাগ ব্লক থেকে মুক্ত হওয়ার জন্য একটি রিং পরানো হয়েছে রাতেই। রাখা হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

ফোয়াদ নাসের বাবুর ঘনিষ্ঠজন গীতি কবি গুঞ্জন রহমান জানান, ‌‘রিং পরানোর পর চিকিৎসকেরা জানিয়েছেন বাবু ভাই এখন মোটামুটি শঙ্কামুক্ত। তবে এখানে নিবিড় পরিচর্যার বিষয় রয়েছে। আর ৭০ ভাগ যে ব্লকটা, সেটি ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হবে। তবে সেটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।’

ফোয়াদ নাসের বাবুর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়, কেউ যেন হাসপাতালে গিয়ে ভিড় না করেন, কারণ এতে রোগীর ক্ষতির কারণ বেড়ে যায়। সবার কাছে রোগ মুক্তির জন্য তারা দোয়া চেয়েছেন।

দেশের অন্যতম ভার্সেটাইল সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। ৭০ দশকের ব্যান্ড ফিডব্যাক-এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এখনও এই দলটিকে বাঁচিয়ে রেখেছেন তার অসাধারণ সুর, সংগীত ও নেতৃত্বগুণে।

তিনি ব্যান্ড পরিচালনার পাশাপাশি স্বাধীন সংগীত পরিচালক হিসেবে টানা ৫ দশক কাজ করে চলেছেন জিজ্ঞেল, নাটক, অডিও ও চলচ্চিত্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত