শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষিকা গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৪:১৭ পিএম

গৃহকর্মী মিনতি খাতুনকে (১০) নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক শিউলী মল্লিকাকে (৩৬) শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহা উদ্দিন ফারুকী জানান, গত ৭ জানুয়ারি শিউলি মল্লিকা তার বাসার গৃহকর্মী শিশু মিনতি খাতুন (১০) হারিয়ে গেছে মর্মে একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর ৯ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শিশু মিনতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষিকা শিউলি মল্লিকার অমানবিক নির্যাতনের চিত্র বেরিয়ে আসে। শিশু মিনতি জিজ্ঞাসাবাদে জানায়, প্রতিদিনের নির্মম নির্যাতন সইতে না পেরেই সে ওই দিন বাসা থেকে কৌশলে পালিয়ে যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্নও রয়েছে।

তিনি আরও জানান, মিনতির বাবা মক্কা হোসেন ও মা মমতা বেগম মারা গেছে মিনতির ৬ মাস বয়সেই। সে গৃহকর্মী নানি রহিমা খাতুনের কাছে বড় হয়। নানির অভাবের সংসারে খাবার না পেয়ে ৯ বছর বয়সে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার নুরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষিকা শিউলি মল্লিকার সিরাজগঞ্জ শহরের ফজল খান রোডের বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয়।

এর মাস খানেক পর থেকেই শিউলি মল্লিকা শিশু মিনতির উপর অমানবিক নির্যাতন শুরু করে।

গত ৭ জানুয়ারি শিউলির এ  নির্যাতন সইতে না পেরেই এতিম মিনতি বাসা থেকে পালিয়ে যায়। অসুস্থ শরীর আর কান্নাকাটি দেখে ওই দিন সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের জাহানারা খাতুন নামের এক নারী মিনতিকে উদ্ধার করে চিকিৎসা ও খাবার কিনে দেয়।

এরপর তিনি মিনতিকে পুলিশের কাছে জমা দেন। খবর পেয়ে থানায় ছুটে আসেন মিনতির খালু আবুল কাশেম। তিনি মিনতির কাছে থেকে সব শুনে নিজে বাদী হয়ে শিক্ষিকা শিউলি মল্লিকার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে শিক্ষিকা শিউলি মল্লিকাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।

নির্যাতনের শিকার মিনতি খাতুন বলে, ওই বাসার শিউলি আপা আমাকে প্রতিদিন নানাভাবে মারধর করে। হাতের কাছে ঝাড়ু, লাঠি, চামচ ও খুন্তি যা পায় তা দিয়েই মারে। আমি মাইর সইতে না পেরেই বাসা থেকে পালিয়ে যাই। আমি এখন তার হাত থেকে বাঁচতে চাই। আর শিউলি আপার বিচার চাই।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত