মোরেলগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন নৌকার মনিরুল

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১১:২৮ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বর্তমান মেয়র এস এম মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

রবিবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ফরহাদ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মেয়র পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এ নিয়ে মনিরুল চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।

এর আগে গত শনিবার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ হাওলাদার তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই পৌরসভার ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৬ হাজার ৫০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মোরেলগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ জানান, রবিবার মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বর্তমান মেয়র মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সোমবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। তবে ৩০ জানুয়ারি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হবে, জানান বেনজীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত