বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি জেলে নিখোঁজ

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৫:৩৪ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছধরার নৌকা ডুবে মনির হোসেন মৃধা (৩৩) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। গত শনিবার রাত পৌনে ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মনিরের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে। এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে মনির, জসিম (২৫) ও রাসেল (২৭) নামের তিন জেলে তেঁতুলিয়া নদীর বাদামতলী পয়েন্টে মাছ শিকারে যান। ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা একটি লঞ্চ রাত পৌনে ১টার দিকে নৌকাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেটি ডুবে যায়। এ সময় জেলেদের চিৎকারে আশপাশের জেলেরা এসে তাদের উদ্ধার করতে সক্ষম হলেও মনিরের খোঁজ মেলেনি।

উদ্ধার হওয়া জসিম জানান, বাদামতলী এলাকায় মাছ ধরার সময় একটি লঞ্চ তাদের নৌকাকে ধাক্কা দেয়।

নিখোঁজ মনিরের স্ত্রী রুবিনা বেগম জানান, তার স্বামী শনিবার রাতে বাড়ি থেকে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান। রাতে খবর পান লঞ্চের ধাক্কায় তার স্বামীর নৌকা ডুবে গেছে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার সন্ধান পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত