লকডাউনে চাকরি হারিয়ে ‘শিশু পর্ন ভিডিও’ বিক্রি!

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৮:২৮ পিএম

করোনা মোকাবিলায় আরোপ হওয়া লকডাউনের ফলে চাকরি হারিয়েছেন কোটি কোটি মানুষ। অনেকেই জীবিকা নির্বাহ করতে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের এক বাসিন্দা পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত হয়েছিলেন। দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

নিউজ এইটিন জানায়, উত্তরপ্রদেশের সোনাভদ্র জেলার বাসিন্দা পেশায় নীরজ পাণ্ডে একজন প্রকৌশলী। দিল্লির একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। কিন্তু লকডাউনে চাকরি হারান।

এরপর ‘শিশু পর্নোগ্রাফি ভিডিও’ বিক্রিকেই রোজগারের পথ হিসেবে বেছে নেন নীরজ। দিল্লিতে কর্মরত এক বন্ধুর সঙ্গে পার্টনারশিপ করে ইনস্টাগ্রামে শিশুদের অশ্লীল ছবি এবং ভিডিও বিক্রি করা শুরু করেন।

রবিবার ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো ওই দুই অভিযুক্তকে শিশু পর্ণ বিক্রির অভিযোগে আটক করে।

গত নভেম্বরে উত্তরপ্রদেশে বান্দা জেলার এক জুনিয়র প্রকৌশলীকে প্রায় দশ বছর ধরে ডার্ক ওয়েবে নাবালিকা ও শিশু নির্যাতনের ভিডিও বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপরেই পর্ন ভিডিও বিক্রির চক্রের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ।

লকডাউনের সময় চাকরি চলে গেলে রোজগারের আশায় নীরজ দিল্লিতে কর্মরত বন্ধু কুলজিৎ সিংয়ের সাহায্য চান। এরপরেই তিনি বেআইনি পথে জড়িয়ে পড়েন। কুলজিতের সাহায্যে ইনস্টাগ্রামে শিশুদের আপত্তিকর ছবি এবং ভিডিও বিক্রি করতে শুরু করেন।

সিবিআইয়ের মুখপাত্র আরসি যোশী জানান, অভিযুক্ত নীরজ ইনস্টাগ্রামে শিশুদের পর্নোগ্রাফি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। যারা এই ধরনের ভিডিও দেখতে চাইত, তাদের কাছ থেকে গুগল পে, পেটিএম ইত্যাদির মাধ্যমে টাকা আদায় করে ছবি ও ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠিয়ে দিত।

যোশী আরও বলেন, রবিবার নীরজ ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং ২২ জানুয়ারি এই বিষয়টি আদালতে পেশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত