পঞ্চগড়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি শীতের প্রচণ্ড ঠান্ডা থেকে ক্ষেতমজুর সমিতির পরিবারকে রক্ষার জন্য বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলে প্রায় চারশ নারী-পুরুষ অংশ নেন। পরে একই দাবিতে ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির পক্ষে সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম মিন্টু জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তালিকাভুক্ত ক্ষেতমজুর পরিবারের সদস্যদের হাতে নগদ কম্বল বিতরণের দাবি জানানো হয়।
জেলা প্রশাসক ড. সাবিনা স্মারকলিপিটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বোদা ও দেবীগঞ্জকে প্রেরণ করেন।
এ সময় জেলা সিপিবির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য ফিরোজা খন্দকার চামেলী, দেবীগঞ্জ উপজেলা সিবিপির সভাপতি হাসান আলী ও বোদা উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি রাম কিশোর উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলায় ২১ হাজার ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক উপজেলায় স্থানীয়ভাবে শীতবস্ত্র সংগ্রহ করে বিতরণের জন্য ছয় লাখ টাকা করে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা পর্যায়ে শীতবস্ত্রের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
এ ছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন নিজেরে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে ইউএনওদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
