ছয় মাসের শিশুকে এসিডে ঝলসে দিল প্রতিবেশী নারী

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০৮:২৯ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় পূর্বশত্রুতার জের ধরে ছয় মাসের এক শিশুর শরীরে এসিড মেরে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রতিবেশী নারীর বিরুদ্ধে। উপজেলার বড়হর গ্রামের ইমরানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটরায় শিশুটির বাবা ইমরান মঙ্গলবার কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শিশুটির চাচা আরমান হোসেন জানান, গত শুক্রবার বিকালে তার বাড়িতে বড় ভাই ইমরানের মেয়েকে নিয়ে উঠানে শিশুর মা এবং দাদি রোদে বসে ছিলেন। কিছুক্ষণ পরে তাদের প্রতিবেশী সামসুন্নাহার সেখানে আসেন। পরে মা এবং দাদি প্রতিবেশী সামসুন্নাহারের কাছে শিশুটিকে রেখে বাড়ির গৃহস্থালির কাছে ব্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে কোনো এক সময় প্রতিবেশী সামসুন্নাহার শিশুটির শরীরে এসিড মেরে পালিয়ে যান। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতরা ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় চিকিৎসা শেষে শিশুটিকে বাড়ি নিয়ে আসেন তারা।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি আলম চাঁদ জানান, মঙ্গলবার সকালে শিশুটির বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত