ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১১:৫২ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌরসভা নির্বাচনে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী বল্টু নিহতের ঘটনায় বাপ্পী হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে নিহতের ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের  করেন।

সিনিয়র পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফ হোসেন জানান,  গত রাতে শওকত আলী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার প্রধান আসামি বাপ্পী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পর শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের পার্শ্ববর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

গত বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করে পুলিশ।

দুটি হত্যার ঘটনায় এখন শৈলকুপা পৌর এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে পুলিশি টহল। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেক পোস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত