বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র পাড়ায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন পরিচালক অনন্য মামুন। সম্প্রতি ‘নবাব এলএলবি’ ছবিতে অশালীন সংলাপ প্রয়োগের অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। গত ১১ জানুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন অনন্য মামুন।
এদিকে সাম্প্রতিক বিতর্ককে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অনন্য মামুনকে সমিতি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ’১৬ জানুয়ারি আমরা বৈঠকে বসেছিলাম। অনন্য মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। পরিচালক সমিতির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। এর আগেও তার নামে অভিযোগ ছিল। তখন তার পদ সাময়িক স্থগিত করা হয়েছিল।’
এ বিষয়ে জানতে অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘পরিচালক সমিতির সিদ্ধান্তের বিষয়ে আমার তেমন কিছু বলার নেই। তবে এতটুকু বলতে চাই যে, পরিচালক সমিতির সদস্য হলে কিছু সুবিধা পাওয়া যায়, তারা আমার সদস্যপদ বাতিল করলে সিনেমা নির্মাণের সময় সেই সুবিধাটা পাবো না। এ ছাড়া আর কোথাও কোনো বাধা নেই। আমি ক্রিয়েটিভ সেক্টরে কাজ করি, আমি আমার কাজ চালিয়েই যাবো।’
একদিকে যখন ঘাড়ের উপর নিষেধাজ্ঞার চাপ, সেই মুহূর্তেই ৫ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন মামুন। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘এ বছর আমি ৫টি সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। সবগুলো সিনেমায় বড় বড় তারকাদের নিয়ে বানাবো।’
বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ’২৫ জানুয়ারির পর সবগুলো প্রজেক্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবো। তখনই বিস্তারিত জানতে পারবেন।’
৫টি সিনেমার নামও জানিয়েছেন অনন্য মামুন। এগুলো হলো, প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান ২ ও পাইলট।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে পর্ণোগ্রাফি মামলায় অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেপ্তার করা হয়। ২৫ ডিসেম্বর দুপুরে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। আদালতে তদন্ত কর্মকর্তা রমনা থানায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ ছবিতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে ২৪ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ছবির পরিচালক অনন্য মামুনকে মিরপুরের বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে রমনা থানায় দায়ের করা পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে। ওই চলচ্চিত্রের একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা দাখিল করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি ‘আই থিয়েটার’ নামক একটি অ্যাপে মুক্তি পায়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।
