খোকনের বিরুদ্ধে এক মামলার আবেদন খারিজ, অন্যটি প্রত্যাহার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৩:০৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা নেওয়ার একটি আবেদন খারিজ করেছে আদালত। অপর মানহানি মামলাটি বাদী প্রত্যাহার করে নিয়েছে।

কাজী আনিসুর রহমান নামের এক ব্যক্তির করা আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

আদেশের দিন আদালতে হাজির ছিলেন না আবেদনকারী। একই সঙ্গে মামলা আমলে নেওয়ার মতো উপাদান না থাকায় তা খারিজ করে আদালত।

এ ছাড়া খোকনের বিরুদ্ধে অপর মানহানির মামলা নেওয়ার আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী সারোয়ার আলম নিজেই তার আবেদন প্রত্যাহারের আবেদন করলে একই আদালত এই তা মঞ্জুর করেন।

এর আগে বর্তমান মেয়র ফজলে নূর তাপসের মানহানির অভিযোগ এনে খোকনের বিরুদ্ধে ১১ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা নেওয়ার আবেদন করেন সারোয়ার আলম ও কাজী আনিসুর রহমান।

সারোয়ার আলম তখন বলেছিলেন, মেয়র শেখ ফজলে নূর তাপস সম্পর্কে ৯ জানুয়ারি সাঈদ খোকন মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি রাজধানীতে এক মানববন্ধনে সাঈদ খোকন বলেছেন, ‘তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।’

পরে ১১ জানুয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে। আমি এ ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি।’

সাঈদ খোকনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘মার্কেটসংক্রান্ত কিছু তথ্য বেরিয়ে এসেছে। সেখানে বিভিন্নভাবে টাকা লেনদেন হয়েছে। যাদের সঙ্গে টাকা লেনদেন হয়েছে, যারা লেনদেন করেছেন, তারাই অভিযোগ এনেছেন। ...আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে অথবা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই কোনো অভিযোগ আনিনি।’

অবশ্য পরে একাধিক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, শিগগিরই ডিএসসিসির বর্তমান ও সাবেক মেয়রের দ্বন্দ্ব মিটে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত