৫০ বছরে আওয়ামী লীগের সফলতা জনগণকে শৃঙ্খলিত করা: ফখরুল

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৯:১২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ৫০বছরে আওয়ামী লীগের সফলতা হলো তারা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। তারা মানুষকে সত্যিকার অর্থে শৃঙ্খলিত করেছে। 

বুধবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগের সফলতা হচ্ছে যে, আজকে তারা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। তারা মানুষকে সত্যিকার অর্থে শৃঙ্খলিত করেছে, বন্দি করে দিয়েছে। এ অবস্থায় দেশের সব রাজনৈতিক দলগুলোর কাছে আমার আহ্বান, আপনারা সবাই নিশ্চুপ না থেকে আসুন-আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং বাংলাদেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। এই যে ভয়াবহ দানব আমাদের বুকের ওপর চেপে বসেছে, সেই দানবকে আমরা সরিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ভ্যাকসিন সাধারণ মানুষগুলো পাবে কি না তার কোনো রোডম্যাপ নাই, কোনো প্ল্যানিং নাই। বলছে, আগে ২০ লাখ আসবে। এই ২০ লাখ কারা পাবে, সেটাও আমরা জানি না। প্রতি মাসে নাকি ৫০ লাখ করে আসবে, সেটা কারা পাবে তাও জানি না। আমরা যারা সাধারণ মানুষ আমরা কী, কখন পাব, না পাব তার কোনো নিশ্চয়তা এখানে নাই।’ 

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে বেসরকারিভাবে সরকার ভারতের সেরাম ইন্সটিটিউউট থেকে যে তিন কোটি ডোজ ভ্যাকসিন কিনছে তার দাম নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, ‘ভ্যাকসিন যেটা দিলে মানুষের জীবন রক্ষা হবে, মানুষ বাঁচবে-এটা নিয়েও তারা (সরকার) লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে এই ভ্যাকসিন কিনছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই করোনা নিয়েও এরা চুরি করছে, ডাকাতি করছে, লুটপাট করছে। প্রথম দিকে করল করোনা টেস্ট নিয়ে। ওই টেস্ট নিয়ে রিজেন্ট হাসপাতাল, ডা. সাবরিনাসহ কে কে আসল.. এসে তারা লুটপাট করল।’

‘জিয়াউর রহমান জীবনের প্রতিটি স্তরে নেতৃত্ব দিয়েছিলেন’, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মই হয়েছে নেতা হয়ে। তিনি আমাদের একটা আলাদা ভূখণ্ড, একটা আলাদা জাতিসত্ত্বা ও আমাদের একটা পরিচিতি দিয়েছিলেন। আমরা শুধু বাঙালি নয়, আমরা শুধু মারমা নয়, আমরা চাকমা নয়, অবাঙালি নয়, বিহারি নয়, আমরা ভারতীয় নয়, আমরা হলাম বাংলাদেশি। এই ভূখণ্ডে বাস করা মানুষদের আমরা চিনি আমরা বাংলাদেশি।’

তিনি বলেন,  ‘যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে জিয়াউর রহমান সফল হয়েছে। যেখানে আওয়ামী ব্যর্থ হয়েছে সেখানে জিয়াউর রহমান একটা নতুন স্বপ্ন মানুষকে দেখিয়েছেন। স্বাধীনতার পর মানুষকে আওয়ামী লীগ বিভক্ত করেছিল। সেই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন এবং একটা উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। এ কারণে তারা জিয়ার নাম মুছে ফেলতে চায়। কিন্তু জনগণের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারীর স্ত্রী বিথীকা বিনতে হোসেইন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত