কাদের পরিবারকে নিয়ে ‘কটূক্তি’: ওবায়দুল কাদেরের অনুরোধে হরতাল প্রত্যাহার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১০:৪৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে ‘কট‚ক্তি’র প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আজ রবিবার অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনের ঘোষণার পর তা প্রত্যাহার করা হয়েছে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর করা ‘কটূক্তি’র প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে শনিবার ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। পরে ওবায়দুল কাদেরের অনুরোধে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অবস্থান ধর্মঘট থেকে আধাবেলা হরতাল কর্মসূচির ঘোষণা দেন আবদুল কাদের মির্জা। এ সময় তিনি ওবায়দুল কাদেরের পরিবার নিয়ে ‘কটূক্তি’র প্রতিবাদে ডাকা অবস্থান কর্মসূচি গতকালের জন্য স্থগিতের ঘোষণা দেন।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল এবং নোয়াখালী-৪ আসনের (সদর ও সুবর্ণচর) সাংসদ একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবিতে হরতালের ডাক দেওয়া হয়েছিল। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা অর্ধবেলার এই হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলাজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার কথা ছিল। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাদের দাবি আদায়ে শািন্তপূর্ণভাবে এই হরতাল পালন করবে বলে জানিয়েছিল।

হরতাল কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ হরতাল কর্মসূচি পালনে সংহতি প্রকাশ করেছিল। শনিবার সকালে বঙ্গবন্ধু চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান হরতালে মুক্তিযোদ্ধা সংসদের একাত্মতার ঘোষণা দেন।

এ সময় তিনি সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মন্তব্যের সমালোচনা করে বলেন, তিনি শুধু ওবায়দুল কাদেরের ওপর আঘাত করেননি, তিনি বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধার ওপর আঘাত করেছেন।

সাংসদ একরাম চৌধুরীকে দল থেকে বহিষ্কার ও তার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন বলেও জানান খিজির হায়াত খান।

ওবায়দুল কাদেরের অনুরোধে হরতাল প্রত্যাহার

ওবায়দুল কাদেরের অনুরোধে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মহোদয়ের অনুরোধে রবিবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত মুজিববর্ষ উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এরপর যদি আমাদের দাবি মানা না হয় তাহলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

হরতাল কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান গতকাল সন্ধ্যায় ওবায়দুল কাদেরের বরাত দিয়ে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সব দাবি বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। পরে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বৃহস্পতিবার রাতে ফেইসবুক লাইভ ভিডিওতে ওবায়দুল কাদের ও আবদুল কাদের মির্জাকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেন সাংসদ একরামুল করিম চৌধুরী। সাংসদ একরামুল করিমের ফেইসবুক আইডি থেকে ওই ভিডিও বার্তা প্রচারের কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে নেওয়া হলেও ২৭ সেকেন্ডের ওই ভিডিও সেদিন রাতেই ভাইরাল হয়ে যায়। অবশ্য গত শুক্রবার দুপুরে আরেকটি লাইভ ভিডিও প্রচার করেন সাংসদ একরামুল।

তাতে তিনি দাবি করেন, আগের দিন রাতে প্রচার করা ভিডিও বার্তায় তিনি ওবায়দুল কাদের সম্পর্কে কিছু বলেননি, যা বলেছেন আবদুল কাদের মির্জা সম্পর্কে। এসব বিষয় নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের কোনো প্রতিক্রিয়া না দেখানোর জন্যও অনুরোধ করেন। সাংসদ একরামুলের ওই বক্তব্যের প্রতিবাদে আবদুল কাদের মির্জা জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল, অপরাজনীতি বন্ধ ও সাংসদ একরামুল করিমকে দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত