আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে বিএনপি দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাদের নিয়ে সকাল ১০টায় বনানীতে কোকোর কবর জিয়ারত ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করবেন। এরপর পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কবর জিয়ারত করবেন। গতকাল শনিবার দেশ রূপান্তরকে এ কর্মসূচির কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয় ‘ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও বর্তমান বাংলাদেশ’। বাদ আসর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
