করোনা: ২ মাস পর প্রথম রোগী শনাক্ত নিউজিল্যান্ডে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০৫:০৫ পিএম

দুই মাসেরও বেশি সময় পর নিউজিল্যান্ডে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। কোয়ারেন্টাইন ব্যবস্থার বাইরে আক্রান্ত হয়েছেন ওই নারী।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, ৫৬ বছর বয়সী এক নারী ইউরোপ থেকে ফিরে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলেন।

কোয়ারেন্টাইন শেষে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দুই মাস পর প্রকাশ্য স্থানে আক্রান্ত প্রথম ব্যক্তি তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অকল্যান্ডে কোয়ারেন্টাইন ব্যবস্থা থেকে বের হওয়ার আগে করোনা পরীক্ষায় তার দুইবার নেগেটিভ আসে। শনিবার তিনি কভিড পজিটিভ হন।

রবিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী ক্রিস হিপকিনস জানান, আক্রান্ত হওয়ার দুইদিন পর উপসর্গ হালকা হয়ে আসে ওই নারীর। ফলে তিনি ধীরে ধীরে উন্নতি করছেন। ঘরে আইসোলেশনে আছেন তিনি।

তার সংস্পর্শে কারা এসেছিলেন তাদের শনাক্ত করার পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ওই নারী কোন কোন জায়গা গিয়েছেন সেগুলোর নামও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।

শুরু থেকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে প্রশংসিত হয় নিউজিল্যান্ড। এখন পর্যন্ত মাত্র ২৫ জন ব্যক্তি মারা গেছেন দেশটিতে। আক্রান্ত হয়েছেন দুই হাজারেরও কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত