সাড়ে তিন মাস শূন্য থাকার পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী।
রবিবার আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন মন্ত্রণালয়ের সলিসিটার রুনা নাহিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দুজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। ১১ অক্টোবর তার শপথের দিনে পদত্যাগ করেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির। সেই থেকে এ দুটি পদ শূন্য ছিল।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মুনীর। নতুন দুজনসহ বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মোট তিনজন।
এ ছাড়া ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৫১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে মোট ২২২ জন আইন কর্মকর্তা রয়েছেন।
