আসছে সেচ মৌসুমে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার অনলাইনে সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।
চলতি সেচ মৌসুমে সারা দেশে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ১৪ হাজার মেগাওয়াট। চাহিদার সবটুকু বিদ্যুৎ উৎপাদনে প্রস্তুত রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রতি বছর ফেব্রম্নয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সেচ মৌসুম থাকে। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময়ে বিদ্যুতের চাহিদা বেশি থাকে। গত সেচ মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১১ হাজার ৯৭৭ মেগাওয়াট। এবার চাহিদা ধরা হয়েছে ১৪ হাজার মেগাওয়াট।
নসরুল হামিদ বলেন, সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে। বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগ নিজেদের মধ্যে সমন্বয় করে গ্যাস ও জ্বালানি তেলের জোগান অব্যাহত রাখবে
সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।
অনলাইন আলোচনা সভায় অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
