দেশের সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও এ সংক্রান্ত নীতিনির্ধারণী ভূমিকা পালনের লক্ষ্যে জাতীয় সংসদের সাংসদদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং’-এর দ্বিতীয় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে এ সভা হয়। সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, তামাকমুক্ত বাংলাদেশ গঠনসহ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সময়োপযোগী পরামর্শ প্রদান এবং সরকারকে এ বিষয়ে সহযোগিতা করতে কাজ করছেন ফোরামের সদস্যরা।
সভায় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন ফোরামের সাংসদরা। গতকাল তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রসঙ্গে আলোচনার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি ই-সিগারেট আমদানি, উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জনস্বাস্থ্যবিষয়ক সংসদীয় ফোরামটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। উপদেষ্টা পরিষদে রয়েছেনÑ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, আ স ম ফিরোজ এমপি, বেগম মেহের আফরোজ চুমকি এমপি, মাহাবুব আরা বেগম গিনি এমপি। কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন মো. শহীদুজ্জামান সরকার এমপি, আরমা দত্ত এমপি, কাজী নাবিল আহমেদ এমপি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।
