মৃত্যুর পর স্বজনদের লাশ রেখে দেওয়ার ঘটনা নতুন নয়। তাই বলে ১০ বছর! হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছে জাপানে। ফ্রিজে ১০ বছর ধরে মায়ের লাশ রেখে দিয়েছিলেন এক নারী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার জাপানের পুলিশ একটি ফ্ল্যাটবাড়িতে ফ্রিজারের ভেতর এক মৃত নারীর লাশ উদ্ধার করার পর তার মেয়েকে গ্রেপ্তার করেছে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে।
গ্রেপ্তার হওয়া ৪৮ বছর বয়সী ইউমি ইওশিমো জানান, দশ বছর আগে তার মা মারা গেলে তার মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন। কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসঙ্গে থাকতেন, তিনি সেই ফ্ল্যাট ছাড়তে চাননি।
পুলিশ জানিয়েছে, মৃত নারীর শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই নারী কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনো সেটা বের করতে পারেনি।
ইওশিমোর বাসা ভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্ন-কর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভেতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়।
পুলিশ জানিয়েছে ওই নারীর মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। রাজধানী টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে ইওশিমোকে গ্রেপ্তার করা হয়েছে।
