২৪ মাস মেয়াদি কমিটির প্রায় ১৭ মাস পেরিয়ে গেলেও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। কমিটি পূর্ণাঙ্গ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা সত্ত্বেও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতারা তা করেননি। কমিটি পূর্ণাঙ্গের দাবিতে গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দুই ঘণ্টা প্রতীকী অনশন করেন পদবঞ্চিতরা। কর্মসূচি শেষে তারা বলেন, আগামী ২ ফেব্রুয়ারি নিজেরা বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এর আগে গত ২১ জানুয়ারি আমরা লিখিতভাবে আমাদের দাবি কেন্দ্রীয় সংসদের কাছে উপস্থাপন করেছি।
প্রতীকী অনশনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুতাছিম বিল্লাহ বলেন, ‘সংগঠনের স্বার্থে অবিলম্বে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির দাবিতে এই অনশন। সংগঠনের গতিশীলতা ও ছাত্রদল নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় নিশ্চিত করতে দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করা হোক।’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. ঝলক মিয়া বলেন, ‘আমরা দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন করেছি। আগামী ২ ফেব্রুয়ারি বসে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
পদপ্রত্যাশীরা বলেন, ‘প্রায় ২৭ বছর পর ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন।
