রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় জাতিসংঘ মহাসচিবের কৃতজ্ঞতা ও প্রশংসা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৬ এএম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি এই প্রশংসা করেন। 

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, মিয়ানমারের নৃশংসতায় বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের লক্ষ্যে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে নতুন করে কাজ করবে জাতিসংঘ। এই সংকট নিরসনে জাতিসংঘ বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের রাখাইন অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সচেষ্ট জাতিসংঘ বলে জানিয়েছেন মহাসচিব।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব প্রতি উত্তর দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত