কৃষকদের পক্ষে বলায় গ্রেটার বিরুদ্ধে দিল্লি পুলিশের মামলা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৭ পিএম

ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন দেওয়ায় সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ।

এনডিটিভি জানায়, ভারতকে নিয়ে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার গ্রেটার বিরুদ্ধে এ মামলা করা হয়।

মঙ্গলবার রাতে কৃষক আন্দোলন নিয়ে টুইট করেন এ কিশোরী পরিবেশকর্মী। কীভাবে কৃষক আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায়, সেই সম্পর্কিত ছিল এ টুইট।

টুইটে, একটি টুলকিট বা একটি গুগল ডকুমেন্ট শেয়ার করেন তিনি। সেখানে লেখা ছিল ভারতের যে ইমেজ আছে বিশ্বে চা ও যোগব্যায়ামের জন্য়, সেটাকে বদলাতে হবে।

টুইটে বিভিন্ন ভারতীয় শিল্পপতিদের ব্যবসা টার্গেট করার কথা বলা হয়। এমনকি কৃষি আইন যদি প্রত্যাহার হয়, তাহলেও লড়াই থামবে না, যুদ্ধ সবে শুরু হয়েছে, সেই কথা বলা হয়।

গ্রেটার এ টুইটের জেরে বিতর্ক শুরু হয়। পরে এই টুইটটি ডিলিট করে দেন তিনি। যদিও স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন অনেকে। পরে একটি পরিবর্তিত টুলকিট টুইট করেন তিনি।

ইতিমধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা গ্রেটাকে এক হাত নিতে থাকেন। সুইডিশ পরিবেশকর্মীর বিরুদ্ধে পাল্টা টুইটও চালানো হয়।

গ্রেটা ছাড়াও মার্কিন গায়িকা রিয়ান্না, সাবেক পর্ন তারকা মিয়া খলিফাও ভারতের কৃষকদের পক্ষে নেন। তাদের বিরুদ্ধে সরব বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।

এদিকে মামলা হওয়ার কিছুক্ষণের মধ্যে আরেকটি টুইট করে গ্রেটা জানান যে, তিনি কৃষকদের পাশেই আছেন।

নতুন এই টুইটে ‘হ্যাশট্যাগ স্ট্যান্ডউইথফার্মার্স’ যুক্ত করে  গ্রেটা লেখেন, ‘আমি কৃষকদের পাশেই আছি। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছি। কোনও বিদ্বেষ, হুমকি বা মানবাধিকার লঙ্ঘন আমার মতকে বদলাতে পারবে না’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত