রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন তিতুমীর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমেনা বেগম।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি এক মতবিনিময় সভায় মিলিত হন।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক আমেনা বেগমকে কবি নজরুল সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়নের কথা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর মতবিনিময় সভায় অধ্যাপক আমেনা বেগম বলেন, কবি নজরুল কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা সত্যিই গর্বের। শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সঙ্গে নিয়ে কলেজের উন্নয়নে কাজ করব।বর্তমানে জ্ঞান-বিজ্ঞানের কল্যাণে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে সেই তুলনায় শিক্ষার গুণগতমান নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাব।
এ সময় কলেজের উপাধ্যক্ষ ড. খালেদা নাসরীন, শিক্ষক পরিষদের সম্পাদক আকবর হুসাইন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কলেজ সাংবাদিক সমিতি, কলেজ শাখা ছাত্রলীগ, কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন অধ্যক্ষকে বরণ করে নেয়া হয়।
