শরীয়তপুরের ডামুড্যায় ভুয়া জাতিসংঘ প্রতিনিধি ও ডিএসবি পুলিশ পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ডামুড্যা বাজার মিতালী সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ব্লাংক চেক, তিনটি মোবাইল ফোন ও নির্বাচনী ফরম উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলো গোসাইরহাট উপজেলার চরসামান্তষার গ্রামের আবদুল ছালাম ছৈয়াল ভ্যান ছালাম (৪২) ও মহশ্বরপট্টি গ্রামের সান মোহাম্মদ মামুন (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৪ ফেব্রুয়ারি ডামুড্যা পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী-সমর্থকদের কাছে নিজেদের ডিএসবি পুলিশের এসআই এবং জাতিসংঘের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় ছালাম ও মামুন। এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার আশ্বাসও দেয় তারা। একপর্যায়ে এ নিয়ে সন্দেহের জন্ম নিলে ওই দুজনকে জেরা করেন প্রার্থী ও সমর্থকরা। এতে তারা হতভম্ব হয়ে পড়লে পুলিশকে জানানো হয়।
