ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ০-১ গোলে হারার ম্যাচে রেফারি আন্ড্রে মেরিনারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন টটেনহ্যাম ম্যানেজার হোসে মরিনহো।
চেলসি তাদের নতুন কোচ টমাস টুখেলের অধীনে অপরাজিত ধারায় রয়েছে। দলটি লিগের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে।
টটেনহ্যাম এদিন নিজেদের মাঠে গোল হজম করে ২৪তম মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন জর্জিনহো।
এই ম্যাচের রেফারি মেরিনারকে ‘অন্যতম সেরা’ আখ্যা দিলেও ওই পেনাল্টি নিয়ে নাখোশ মরিনহো।
‘শেষ পর্যন্ত একটি পেনাল্টি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। তারা এমন একটি পেনাল্টি থেকে গোল করলো, যেটি আসলে পেনাল্টিই নয়।’
টুখেল দায়িত্ব নেয়ার পর চেলসি দুই জয়ের পাশাপাশি একটি ড্র করেছে। তিন ম্যাচে এখনো তার দল কোনো গোল হজম করেনি।
অন্যদিকে মরিনহো নিজের ৩২৭তম হোম ম্যাচে প্রথমবার ব্যাক-টু-ব্যাক হারলেন।
২২ ম্যাচে চেলসির এখন ৩৬ পয়েন্ট। শীর্ষে থাকা ম্যানসিটির ২১ ম্যাচে সংগ্রহ ৪৭।
ম্যানচেস্টার ইউনাইটেড ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। তারা খেলেছে ২২ ম্যাচ। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লেস্টার তিনে। চার নম্বরে থাকা লিভারপুলের সংগ্রহ ৪০।
