ব্যাটিং গড়ে কোহলি-স্মিথদের চেয়ে এগিয়ে সাকিব

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৮ পিএম

এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় করলে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসনের নাম আসবে সবার আগে। একটা পরিসংখ্যানে যাদের পেছনে ফেলে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রান করেন সাকিব। এতে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ১হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকায় ব্যাটিং গড়ে সবার ওপরে উঠে এসেছেন বাঁহাতি অলরাউন্ডার।

এই সময়ে তিন ফরম্যাটে ২০ ম্যাচ খেলে ১০৭৮ রান করেছেন সাকিব। তার ব্যাটিং গড় ৬৭.৩৭।

আর এই সময়ের মধ্যে ৪৩ ম্যাচ খেলে ২৫৩৮ রান করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার ব্যাটিং গড় ৬০.৪২। তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি।

৫৩ ম্যাচে ২৯৫৪ রান করে ৫৯.০৮ গড়ে তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের অধিনায়ক বিরাট কোহলি আছেন চতুর্থস্থানে। ৬৬ ম্যাচ খেলে ৫৪.০৪ গড়ে ৩২৯৭ রান করেছেন তিনি।

মাঝে দীর্ঘ ১ বছর নিষিদ্ধ থাকার কারণে জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলা হয়নি সাকিবের। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের ২৯ অক্টোবর আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করে। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা পান তিনি।

ফলে এক বছরের নিষেধাজ্ঞা শেষে গত বছর ২৯ অক্টোবর থেকে ক্রিকেটে ফেরার সুযোগ পান সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত