বরিশালে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে দেওয়া কারাদণ্ডের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে মহানগর যুবদল। একই স্থানে দুপুর ১২টায় কর্মসূচি পালন করে ছাত্রদল।
মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশ শেষে একটি মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে তাদের ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। পরে নেতাকর্মীরা ফিরে যান। এদিকে মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যানার ছিনিয়ে নিলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে মিছিল না করে চলে যান তারা।
