অনন্ত জলিল প্রযোজিত ‘নেত্রী-দ্য লিডার’ ছবি পরিচালনার কথা ছিল পরিচালক ইফতেখার চৌধুরীর। কিন্তু আজ (শনিবার) দেশ রূপান্তরকে ইফতেখার চৌধুরী জানালেন তিনি সিনেমাটির পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন। কোনো মনোমালিন্য বা অন্য কোনো কারণে নয়, নিজের ব্যস্ততার কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন ইফতেখার। দেশ রূপান্তরকে ইফতেখার চৌধুরী বলেন, ‘নেত্রী- The Leader সিনেমা আমার পরিচালনা করার কথা ছিল কিন্তু ‘মুক্তি’ সিনেমা নিয়ে ব্যস্ততার কারনে আমি নেত্রী- the leader এর কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি। মুক্তি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে এ বিষয়ে কিছু জানাতে পারি নাই। ‘মুক্তি’ শেষ করেই ‘লন্ডন লাভ’ সিনেমার কাজ শুরু করতে হবে। অতএব অনেক বেশি ব্যস্ততার কারণে নেত্রী- the leader পরিচালনা করছি না।’
এদিকে ইফতেখার চৌধুরীর এই বক্তব্য দেশ রূপান্তরে প্রকাশিত হওয়ার পর পাল্টা জবাব দিলেন অনন্ত জলিল। দেশ রূপান্তরকে তিনি জানালেন মৌখিক কথা হলেও ইফতেখার চৌধুরীর সঙ্গে কোনো লিখিত চুক্তি হয়নি।
অনন্ত বলেন, ‘নেত্রী- দ্য লিডার’ ছবির পরিচালনায় থাকবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা উপেন্দ্র মাধব, বাংলাদেশ থেকে আমি (অনন্ত জলিল) এবং তুরস্ক থেকে আরও একজন পরিচালক।’
ইফতেখার চৌধুরীর সরে যাওয়া প্রসঙ্গে অনন্ত বলেন, ‘ইফতেখার চৌধুরীর প্রতি সম্মান রেখে এ বিষয়ে আমি পরিস্কার করে বলতে চাই ‘নেত্রী : দ্য লিডার’ ছবিটি পরিচালনা করার জন্য বাংলাদেশ থেকে কারও সঙ্গে কোনো লিখিত চুক্তি হয়নি, এমন কী ইফতেখার চৌধুরীর সঙ্গেও নয়। মৌখিকভাবে বলা কোনো কিছু চুক্তি নয়।’
তিনি আরও বলেন, ‘নেত্রী : দ্য লিডার’ একটি আন্তর্জাতিক প্রজেক্ট। তাই অফিসিয়ালি চুক্তি না হওয়া পর্যন্ত সেই ছবিটি আমি পরিচালনা করছি, বা ব্যস্ততার কারণে ছেড়ে দিয়েছি, এটা বলা যায় না। আর যেখানে কোনো চুক্তিই হয়নি, সেখানে ছেড়ে দেয়ার বিষয়ই আসে না। সুতরাং, এ ধরনের ভুল তথ্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।’
