নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুরের রায়পুর উদমারা টাকুয়ার চর থেকে ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জুটনের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে রায়পুর উপজেলার উদমারা টাকুয়ার চর থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
আতাউর রহমান জুটন রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল এলাকার মোকলেছুর রহমান ছেলে। তিনি বিপত্নীক ছিলেন।
পরিবারের লোকজন জানান, ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জুটন শুক্রবার সকালে হঠাৎ উধাও হয়ে যান। এ ঘটনায় রায়পুর থানায় জিডি করেন তার পরিবারের লোকজন। এ নিয়ে তাদের পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিলেন।
শনিবার রাতে রায়পুর উপজেলার উদমারা টাকুয়ার চর থেকে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিত হত্যা করতে পারে বলে দাবি করেছে জুটনের পরিবার।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জুটন নিখোঁজ জিডির পর শনিবার রাতে পুলিশ টাকুয়ার চর থেকে মৃতদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্টের পর জানা যাবে হত্যা না অন্য কিছু। সেই বিষয়ে তদন্ত চলছে।
