‘প্রধানমন্ত্রীর গাইডলাইনে করোনা মোকাবিলায় সফল দেশ’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৪ এএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান বলেছেন, কভিড-১৯ মহামারী করোনায় যখন দেশের অবস্থা বিপর্যস্ত, তখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গাইডলাইন দিয়েছেন। প্রধানমন্ত্রীর পদক্ষেপ ও তার বিভিন্ন পরামর্শে দেশে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

রবিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে করোনার টিকা কার্যক্রম প্রদান উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আমাদের সবাইকে টিকা নিতে হবে– এটা খুবই জরুরি। এতে করে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। স্বাভাবিক জীবনে ফিরে এলে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।

তিনি বলেন, আমার স্বপ্ন দোহার-নবাবগঞ্জের স্বাস্থ্যব্যবস্থার আরও উন্নতি করা। যাতে রোগীদের আর বাইরে যেতে না হয়। এখানে একটি নার্সিং ইনস্টিটিউট প্রয়োজন রয়েছে। এটি বাস্তবায়নে আমি খুব শিগগির স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ সচিবের সঙ্গে বসব।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ সচিব মো. আলী নুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাকসুদুর আমীন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মঈনুল আহসান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।

আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়াসহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যান।

দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, সহকারী পুলিশ সুপার সাগর সরকার, দোহার থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন প্রমুখ। উদ্বোধনীর প্রথম ধাপে নবাবগঞ্জে ৫০০ ও দোহারে ১০ জনকে টিকা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত