করোনাভাইরাসের টিকা নিয়ে কোনো ধরনের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার সকালে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে কভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে তিনি এ আহ্বান জানান।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘নিজে ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’
এ সময় দ্রুততম সময়ের মধ্যে দেশের মানুষের জন্য কভিড-১৯ টিকা আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় থেকেই দেশ বিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। টিকা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হওয়ার সময় তারা বলেছিল টিকা এ দেশে আসবে না।
তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় টিকা যখন দেশে এসে পৌঁছায়, তখন তারা টিকা নিয়ে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাঁয়তারা করেছিল।
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, এখনো পৃথিবীতে অনেক দেশ করোনাভাইরাসের টিকা নিতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যে ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে টিকা আনতে সক্ষম হয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
