গোপালপুরে আ. লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৮ পিএম

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. খলিল (৩৫)। তিনি উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক।

গোপালপুর থানার ওসি তদন্ত কাইয়ুম খান সিদ্দিকী জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুর পৌঁছান। তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তার সমর্থকেরা ওই এলাকায় আসেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।  

এ ঘটনার প্রতিক্রিয়ায় বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকেরা ওই এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে নৌকা প্রতীকের সমর্থকেরা গিয়াস উদ্দিনের বাসায় হামলা করে। তারা গিয়াস উদ্দিনের ভাইয়ের দোকানও ভাঙচুর করে।

গিয়াস উদ্দিনের গ্রাম ডুবাইল এলাকায় এ হামলার খবর পৌঁছার পর সেখানে উত্তেজনা দেখা দেয়। তার সমর্থকেরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হলে সোমেশপুর এলাকায় তাদের ওপর নৌকা প্রতীকের সমর্থকেরা হামলা করে। এ সময় খলিল নামক এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত মামলা হয়নি। গোপালপুর পৌর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এ ঘটনার পর থেকে উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ ব্যাপারে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, রাত সাড়ে সাতটার দিকে দুই ব্যক্তি আহত অবস্থায় আসে, এদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। আরেক ব্যক্তি জরুরি বিভাগেই মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত