ঢাকা টেস্টে আরো ভালো করতে চায় উইন্ডিজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৭ এএম

চট্টগ্রাম টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ঢাকায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও জয়ে চোখ দলটির। সে ক্ষেত্রে শীর্ষদের আরো উন্নতির তাগিদ দিয়েছেন ক্যারিবিয়ানদের কোচ ফিল সিমন্স।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, আমরা আর পেছনে যাব না।’

চট্টগ্রাম টেস্টের পাঁচ দিনের চার দিনই দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৩০ রান করে ১৭১ রানের লিড নিয়েছিল স্বাগতিকরা। পরে ৮ উইকেটে ২২৩ রানে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। তাতে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৫ রানের। যা কাইল মেয়ার্সের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্যভাবে পেরিয়ে যায় উইন্ডিজ।

তবে এই জয়ের পর নিজেদের দুর্বলতাগুলোর দিকে বেশি নজর দিচ্ছেন উইন্ডিজ কোচ, ‘আমি মনে করি, প্রতিটি জয়ের পর দলের কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন সেটা আরো ভালো করে ভাবা উচিত। একটি দল যখন হারে, তখন তারা উন্নতির চেষ্টা করে। তাই বিজয়ীদেরও একই কাজ করা উচিত। আমাদের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে হবে।’

কোথায় সবচেয়ে বেশি নজর দিতে হবে সেটিও নির্দিষ্ট করে বলে দিয়েছেন সিমন্স, ‘বাংলাদেশকে ৪০০ রানের পরিবর্তে ৩০০ রানে বেঁধে রাখতে আমরা আরো ভালো বল করতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত