রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের এক মামলায় তার সহযোগী অনিন্দিতা মৃধাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাকে কাশিমপুর কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এরপর দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিকেল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল ছিল তিন দিনের রিমান্ডের প্রথম দিন।
গত ২১ জানুয়ারি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের তদন্ত টিম। জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়ায় ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করে দুদকের তদন্ত টিম। পরে ২টার দিকে তাদের সিএমএম আদালতে নিয়ে রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
