বগুড়ায় সংঘর্ষ: আ’লীগ-যুবলীগের ৫ শতাধিক নেতাকর্মীর নামে ৩ মামলা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৬ পিএম

বগুড়ায় মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে সরকার দলীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে পৃথক তিনটি মামলা হয়েছে।

বুধবার বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মোটর মালিক গ্রুপের এক পক্ষে ডাকে পরিবহন ধর্মঘট আংশিক পালিত হচ্ছে।

বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

একপক্ষ পরিবহন ধর্মঘট আহ্বান করায় চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে বগুড়ার উপর দিয়ে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল অব্যাহত রয়েছে। এছাড়াও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল রমজান আলীকে ছুরিকাঘাতসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ পরিদর্শক নান্নু খান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ ৬ জনের নাম উল্লেখ করে আড়াইশ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন।

অপরদিকে মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম বাদী হয়ে তার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহনকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ দেড় শতাধিক নেতাকর্মীর নামে আরেকটি মামলা করেছেন।

এছাড়াও মঞ্জুরুল আলম মোহনের পক্ষে তার ছোট ভাই মশিউল আলম দীপন বাদী হয়ে পেট্রল পাম্প ও বাস ভাঙচুরের অভিযোগে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত