অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে বাকরুদ্ধ হয়ে পড়েছিল বিশ্ববাসী। ২০১৯ সাল থেকে ২০২০ সালের শুরু পর্যন্ত পুরো সময়ই ধারাবাহিকভাবে দাবানলের আগুনে জ্বলেছে দেশটির বিশাল অঞ্চল।
সেই দাবানলের নাটকীয় এক ড্রোন ইমেজ তুলে সম্মানজনক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি পুরস্কার জিতে নিয়েছেন নামকরা পরিবেশবাদী টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইনের ১৭ বছর বয়সী ছেলে রবার্ট আরউইন।
‘অ্যা লাইন অব ফায়ার’ নামে সেই ছবিটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে। ৫৫ হাজার ৪৮৬ জন মানুষ রবার্টের তোলা এ ছবিকে ভোট দেয়।
কুইন্সল্যান্ডে ক্যাপ ইয়র্কে স্টিভ আরউইনের নামে নামকরণ করা সংরক্ষিত বনাঞ্চলের সীমানার কাছাকাছি এলাকায় ড্রোন দিয়ে এ ছবি তোলেন রবার্ট।
ছবিটিতে দেখা যাচ্ছে, সবুজ বনের মাঝখান বরাবর আগুনের একটি লাইন তৈরি হয়েছে। সেইসঙ্গে বনের ভেতরে ছড়িয়ে পড়ছে আগুন।
এ পুরস্কার জিতে রবার্ট আরউইন জানান, তিনি ‘অবিশ্বাস্যভাবে উত্তেজিত’।
তিনি বলেন, ‘ছবিটি প্রকৃতি এবং আমাদের বিশ্বের মধ্যে যে পার্থক্য সেটির একটি গল্প তৈরি করেছে। শুধু ব্যক্তিগত সম্মাননা জেতাই নয়, আমি মনে করি প্রাকৃতিক বিশ্বে আমরা যে প্রভাব ফেলছি এবং এর প্রতি যত্নশীল হতে দায়বদ্ধতার বিষয়টি আমাদের মনে করিয়ে দেয়।’
সম্মানজনক এ পুরস্কারের জন্য ৪৯ হাজার ছবি জমা পড়ে। সেখান থেকে বাছাই করা হয় ২৫টি ছবি। সেগুলো থেকে ওয়ার্ল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার জিতে নেয় রবার্টের ‘অ্যা লাইন অব ফায়ার’।
রবার্টের বাবা স্টিভ আরউইন ছিলেন একজন প্রকৃতিবাদী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও টিভি ব্যক্তিত্ব। তিনি বিশ্বব্যাপী প্রচারিত ক্রোকোডাইল হান্টার নামের টেলিভিশন প্রামাণ্যচিত্রের জন্য বিখ্যাত। ২০০৬ সালে গ্রেট ব্যারিয়ার রিফে ডুব-সাঁতার দেয়ার সময় বুকে একটি স্টিং-রে বার্বের আঘাতে মারা যান তিনি।
