চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ‘জোর করে’ হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম ভোট অনেক কম পেয়েছেন। যেখানে ৩ লাখ ৬৯ হাজার ভোট দেখানো হচ্ছে; সেখানে তিনি খুব বেশি হলে ২০-২৫ হাজার ভোট পেতে পারেন। সাড়ে তিন লাখ ভোট তাকে যোগ করে দেওয়া হয়েছে। ভোট ডাকাতি করে আমাদের জোর করে হারিয়ে দিয়েছে, আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে ভোটগ্রহণের তথ্য চাইতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচনের দিন দুপুর ২টা পর্যন্ত ৪-৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু দিন শেষে সাড়ে ২২ শতাংশ ভোট দেখানো হয়েছে। নির্বাচনের দিন প্রতি ঘণ্টার ভোটের হিসাব দেখতে চেয়েছিলাম। ৭ দিন সময়ও দিয়েছি। কিন্তু ১০ দিন পরেও এই তথ্য কমিশন দিতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে ৪ হাজার ৮৮৫টি ইভিএম ব্যবহার করা হয়। সেখানে মাত্র ১০টি বুথে ইভিএমের প্রিন্টেড কপি দেওয়া হয়েছে। যদি ১০টি বুথের ইভিএমের প্রিন্টেড কপি থাকে তাহলে সবগুলো ইভিএমের প্রিন্টেড কপি দিতে হবে। এর আগে বোয়ালখালী উপ-নির্বাচনেও এ তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন কমিশন বলছে এ তথ্য এখান থেকে দেওয়া সম্ভব নয়। ঢাকা থেকে সংগ্রহ করতে হবে।’
