শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিকসহ সব কার্যক্রম অনলাইনে শুরু করার উদ্যোগ নিয়েছে মানারাত বিশ^বিদ্যালয়। গত বুধবার বিশ্ববিদ্যালয়টির সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বৈঠকের শুরুতে ই-প্রসপেক্টাসের উদ্বোধন করেন উপাচার্য।
লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ‘সম্প্রতি শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে “ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি” করা হয়েছে। এ কমিটির সদস্যরা প্রযুক্তি ব্যবহার করে পেপারলেস কার্যক্রম পরিচালনা করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের সেসব কার্যক্রমের অংশ হিসেবেই আজ ই-প্রসপেক্টাস উদ্বোধন করা হলো।’
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম উমার আলী, ট্রেজারার হাজিফুল ইসলাম মিয়া, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এম হারুন উর রশিদ, কন্ট্রোলার এএইচএম আবু সায়ীদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরা।
